লাইফ সেট ০৫-০৫-২০

 "বার্ষিক পরীক্ষা চলে, আর মাত্র দুইটা পরীক্ষা বাকি ... এরপর এক মাসের ছুটি ... মনে মনে নিজেরে বলতাম, এই দুইটা পরীক্ষা শেষ হইলেই শান্তি ... গ্রামের বাড়ি বেড়াইতে যাবো, বিকালে ঘুড়ি উড়াবো, জীবনে কোন প্যারা থাকবে না ... জীবন একদম সেট !! 


ঐ ছুটিতে আমার জ্বর হইসিলো ... জীবনটা সেট করতে পারি নাই !!  


কলেজ লাইফে সবাই বলতো, একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলে নাকি জীবন একদম সেট ... ভালো ভার্সিটির অমুক সাবজেক্টটা পাইলেই জীবন পুরা সেট ... জীবন সেট করতে পাগলের মত চেষ্টা করলাম ... ভার্সিটিতে গিয়েও জীবন সেট হয় নাই ... আর্থিক টানাপোড়েন, প্রেম, সিজিপিএ আর ক্যারিয়ারের দুশ্চিন্তা ... জীবন তখনও দুলছে পেন্ডুলামের মত !! 


একটা ভালো চাকরি পাইলেই নাকি জীবন সেট ... ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারলেই নাকি জীবনটা একদম সেট ... তারপর জীবন সেট করতে বাচ্চা নিতে হয় ... উমম, ভাড়া বাসায় আর কত, নিজের একটা ফ্ল্যাট হইলে কিন্তু জীবন সেট ... ক্যারিয়ারের অমুক পজিশনে পৌছাইতে পারলেই কিন্তু জীবন সেট !! 


আচ্ছা, জীবনটা কি কখনো সেট হয়?


বছর তিনেক আগের কথা ... তিনটা গাড়ি কিনেছিলাম, ব্যবসা করতাম, মাস শেষে বেশ ভালো টাকা আসতো ... একটা সুন্দর বিকেলে বাসায় ফেরত আসতে আসতে ভাবলাম, জীবনে আর কি লাগে, এভাবে চললেই তো নিশ্চিন্ত একটা জীবন, আহা!


১টা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ২টা করোনার জন্য বন্ধ. দুই বছর ব্যবসা করতে পারি নাই, অমনি ব্যবসাটা ছুটে গেলো ... আমার জীবনটা আর সেট হইলো না !! 


জীবন কখনো সেট হয় না ... সব ঠিকঠাক, একদম মাখনের মত চলতেছে - অমনি একটা ফোন আসে, একটা খবর আসে, একটা ধাক্কা আসে ... আর সব এলোমেলো হয়ে যায়, সব !! 


জীবনে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু নাই ... চোখের পলক ফেলতেই এখানে স্বপ্ন ভাঙ্গে, এখানে হুট করে প্রিয় মানুষটার কঠিন অসুখ হয়, পিচঢালা রাস্তাতে মুখ থুবড়ে পড়া আহত পাখি হয়ে যেতে হয় মূহুর্তেই, ভালোবাসার মানুষটার হাত অন্যের হাতের মুঠোয় দেখতে হয় কোন এক অবেলায়, তিল তিল করে জমানো টাকাগুলো এক রাতে চলে যায় হাসপাতালের ক্যাশে !! 


জীবন নামের সমুদ্রে আমরা একটা ছোট্ট ডিঙি নৌকাতে ভেসে বেড়াই ... এই তো আরেকটু সামনে গেলেই একটা দ্বীপ ... ঐ দ্বীপটাতে পৌছালেই জীবন একদম সেট ... ফকফকা শান্ত আকাশটাতে ঠিক তখনই মেঘ জমে, দমকা হাওয়া মুচকি হাসে ... আমরা দেখি, দ্বীপটা কেমন যেন দূরে সরে যাচ্ছে !! 


দিনশেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি ... ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্য দিকে, আমরা শুধু দেখি ... আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী ... আমরা নিজেকে মাঝি ভাবি ... আমরা আসলে মাঝি নই, আমরা কখনোই মাঝি ছিলাম না !!"

Comments

Popular posts from this blog

চেনা মানুষগুলো যখন অচেনা....খুউব অচেনা!!!!

জীবন আর জীবনের বাস্তবতা! ২৬-০৭-১৯

জীবন্ত জীবনী